হোম > সারা দেশ > পঞ্চগড়

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি 

কথা বলছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: আজকের পত্রিকা

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই সনদ প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব। আজ বুধবার সকালে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফরহাদ হোসেন।

সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সকলে ঐক্যবদ্ধ হই। বিগত দিনের ওই ফ্যাসিস্ট আবারও কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের মধ্যে যেন অনৈক্য তৈরি করতে না পারে। এই বাংলাদেশকে বিভেদ তৈরি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা আমরা যেন অক্ষুণ্ন রাখতে পারি।’

এ সময় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জুলাই শহীদ পরিবার ও জুলাইয়ে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। এরপর দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।