পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. এনায়েতুল্লাহ (২৩) ও তাঁর স্ত্রী মোছা. জাইনুব বিবি (২১)। অপর দুজন হলেন ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. এনামুল হাসান (২৩) ও তাঁর স্ত্রী মোছা. নুর কলিমা (২০)।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলায় সীমান্তের ৭৪২/৪ এস পিলার থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টিটিপাড়া এলাকায় বিজিবি অভিযান চালিয়ে তাঁদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে তাঁদের পঞ্চগড়ে এনে অবৈধভাবে ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল। পরে আটকদের পঞ্চগড় সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ‘বিজিবি চারজন রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’