হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

পঞ্চগড় প্রতিনিধি

আলমগীর প্রধান। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আহতরা হলেন দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সৈকত ও কাচাড়ীপাড়া এলাকার তন্ময়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময়ের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। এ সময় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীর প্রধানকে মৃত ঘোষণা করেন এবং আহতদের মধ্যে তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেবীগঞ্জ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আজাদ রহমান বলেন, আলমগীর প্রধানকে হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে। আহত তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।