পাবনার ঈশ্বরদীতে ৩০ কেজি ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে। পরে জব্দ করা চিংড়িগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
আজ শনিবার ঈশ্বরদী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। জরিমানাপ্রাপ্ত আব্দুল আজিজের ওই বাজারে মাছের আড়ত ও ব্যবসা রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে কি না, তা তদারকি করতে আজ ঈশ্বরদী বাজারে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মাছ ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে থাকা চিংড়ি দেখে সন্দেহ হয় ভ্রাম্যমাণ আদালতের। পরে যাচাই-বাছাই করে ক্ষতিকর জেলিযুক্ত বড় আকারের ৩০ কেজি চিংড়ি শনাক্ত করা হয়।
মৎস্য ও মৎস্যপণ্য আইনে ওই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে জব্দ করা চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন উপস্থিত ছিলেন।