হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ নিহত ২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা বাইপাস সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক নজরুল ইসলাম (৩০) এবং মহেলা হাটপাড়া গ্রামের মৃত ইয়াসিন কারিগরের ছেলে নজরুল ইসলাম (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন যাত্রী নজরুল ইসলাম। তিনি অটোভ্যানচালক নজরুল ইসলামের ভ্যানে করে হাটে যাচ্ছিলেন। পথে সকাল সাড়ে ৬টার দিকে ভাদরা বাইপাস সড়ক মোড়ে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানচালকসহ দুজন ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে চাটমোহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।