পাবনার ঈশ্বরদীতে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ১০ দিনব্যাপী ‘খায়রুল গ্রুপ প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিজন-২)’-এর ফাইনাল। শ্বাসরুদ্ধকর ম্যাচে খায়রুল অটো ফ্লাওয়ার মিল দলকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রূপপুর রুফটপ রেস্টুরেন্ট দল।
গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার ছলিমপুরের জয়নগরে চার তারকা মানের স্বপ্নদ্বীপ হোটেল ও রিসোর্টের অত্যাধুনিক টার্ফে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন হাবিবুর রহমান হাবিব।
খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান, সমাজসেবী প্রভাস চন্দ্র ভদ্র, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়ন, মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের উপদেষ্টা শহিদুল হাসান ববি সরদার, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল ওমর সুমার খান, বর্তমান সহসভাপতি সেলিম সরদার এবং খায়রুল গ্রুপের সিইও মুনেম তাজওয়ার অহিনসহ অনেকে।
আয়োজকেরা জানান, খায়রুল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত খেলোয়াড়দের অংশগ্রহণে এ ক্রিকেট প্রিমিয়ার লীগের আয়োজন করা হয়। বাছাইপর্ব শেষে তিনটি রাউন্ড পেরিয়ে ফাইনালে ওঠে দুই দল।
এবারের আসরে খায়রুল গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো স্বপ্নদ্বীপ রিসোর্ট, খায়রুল ইন্টারন্যাশনাল হোটেল, খায়রুল এগ্রোফুড প্রোডাক্টস, খায়রুল অটো ফ্লাওয়ার মিল এবং রূপপুর রুফটপ রেস্টুরেন্ট।