পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির শেষ চালান পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি উপজেলার পাকশীতে অবস্থিত প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য নির্ধারিত নয়টি চালানে পারমাণবিক জ্বালানি পরিবহনের কার্যক্রম সম্পন্ন হলো।
প্রথম ইউনিটের জন্য আনা এ চালানটি আগের চালানগুলোর মতোই সড়কপথে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় প্রকল্প এলাকায় নেওয়া হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে পারমাণবিক জ্বালানি আমদানির এ গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হওয়ায় রূপপুর প্রকল্পে যুক্ত হলো আরেকটি মাইলফলক।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে নির্ধারিত জ্বালানি পরিবহন কার্যক্রম শেষ হলো।
এদিকে, জ্বালানি আমদানির পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রমও এগিয়ে চলছে। গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
রূপপুর প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে শুরু হয়েছে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরীক্ষা চালানো হয়।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।