ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য আনা ২০০ ব্রডগেজ কোচের প্রথম চালানের ১৮টি নতুন যাত্রীবাহী কোচ দর্শনা স্টেশনে পৌঁছেছে। আজ শুক্রবার বেলা ২টা ৩৭ মিনিটে গেদে-দর্শনা আন্তদেশীয় রেল সংযোগ দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে।
বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেলকোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো আনা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিউল ইসলাম জানান, কোচগুলো দ্রুত ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে সরাসরি সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগীয় কর্মকর্তারা নিজ নিজ ক্ষেত্রে কাজ শুরু করেছেন।
প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কেবিন এবং দুটি এসি পাওয়ার কার রয়েছে।
কোচগুলোতে নন-এসি আসন ১০৪টি, এসি আসন ৮০টি এবং কেবিনে দিনে ৪৮টি ও রাতে ২৪টি আসন রয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. জয়দুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী পাকশীর কমান্ড্যান্ট মো. রেজওয়ান উর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাছিনা খাতুন, বিভাগীয় প্রকৌশলী-১ গৌতম বিশ্বাস, সহকারী কমান্ড্যান্ট মো. ফিরোজ আহমেদ এবং ভারতীয় প্রতিনিধি মিরাজ ও আকরামসহ বাংলাদেশ ও ভারতের রেলওয়ে কর্মকর্তারা।