হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

রাত দেড়টার দিকে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুখা গ্রামে বিএনপির নেতা নজরুল ইসলামের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি অবিস্ফোরিত পেট্রোল বোমা ও ১টি ককটেল উদ্ধার করেছে।

নজরুল ইসলাম করমজা ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। তিনি আনছার আলীর ছেলে। তিনি সাংবাদিকদের জানান, রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এরপর বারান্দায় এসে তিনি পেঁয়াজের ঘরে আগুন দেখতে পান। তিনি দাবি করেন, দুর্বৃত্তরা ঘরে ভাঙচুর চালিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই ঘরে ৫০ থেকে ৬০ মণ পেঁয়াজ ও রসুন রাখা ছিল, যা পুড়ে নষ্ট হয়ে যায়।

খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে অবিস্ফোরিত ১১ বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে।