পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নতুনহাটে অবস্থিত রূপপুর প্রকল্পের জন্য নির্মিত গ্রিনসিটি বহুতল আবাসিকের ৬ নম্বর বিল্ডিংয়ের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত রুশ নাগরিকের নাম কুদরিন সার্গেই (৫৬)। এ সময় ওই কক্ষে আরও একজন ছিলেন। তিনি গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে জেলা সদরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অসুস্থ ওই ব্যক্তির নাম এখনো জানা যায়নি।
জানা গেছে, এরা দুজনই রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান টেস্ট রোসিম কোম্পানির আলট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত। তারা গ্রিনসিটি বহুতল ভবনে বসবাস করতেন।
ঈশ্বরদী পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সময় মতো ডিউটিতে না যাওয়ায় এক সহকর্মী তাদের রুমে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে দেখেন দুই রুশ নাগরিক অসুস্থ অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে কোম্পানির প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা দ্রুত ছুটে এসে প্রথমে তাঁদের গ্রিনসিটি মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাবনা আসার সময় পথিমধ্যে কুদরিন মারা যান। পরে তাঁর সহকর্মীকে পাবনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অসুস্থ ওই রুশ নাগরিক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। উভয়ে একই প্রতিষ্ঠানে চাকরি করলেও তাঁর নাম জানা যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ওই রুশ নাগরিক মৃত্যুর আগে মদ্যপ ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।