• কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে কোচগুলো ট্রাফিক বিভাগে হস্তান্তর।
• ৮ নভেম্বর কোচগুলো রেলপথে পরীক্ষামূলক চালানো হয়।
ভারত থেকে আমদানি করা ১৮ রেলকোচ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার সকালে পাকশী রেলওয়ে বিভাগের প্রতিনিধিদের কাছে কোচগুলো বুঝিয়ে দেওয়া হয়। কোচগুলো দিয়ে ১৯ নভেম্বর পাবনা-ঢাকা সরাসরি আন্তনগর ট্রেনের উদ্বোধন এবং বাণিজ্যিকভাবে চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
নীলফামারীর সৈয়দপুর রেল কারখানা সূত্রে জানা যায়, সোমবার রেলওয়ের সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (সিঅ্যান্ডডব্লিউ-২) ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকার ১৮টি কোচ বুঝে নিয়েছেন। পরে রেলকোচগুলো সৈয়দপুর থেকে পাকশী পাঠানো হয়। এর আগে গত ১৭ অক্টোবর ভোরে ভারত থেকে প্রথম চালানের ১৮ কোচ সৈয়দপুর রেল কারখানায় পৌঁছায়। এরপর সেখানে বিশেষ ডি-প্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কাজ করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ৮ নভেম্বর রেলপথে পরীক্ষামূলক চালানো (ট্রায়াল রান) হয়।
পরীক্ষামূলক চলাচলের সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক (জিএম) আহম্মদ মাসুম, ভারত থেকে ২০০ কোচ আমদানি-সংক্রান্ত প্রকল্পের পরিচালক (পিডি) জয়দুল ইসলাম ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ ট্রেনে উপস্থিত ছিলেন। ট্রায়াল রান শেষে ওই দিনই কোচগুলো পঞ্চগড় থেকে আবার সৈয়দপুর রেল কারখানায় ফিরে আসে।
সূত্র আরও জানায়, ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি কোচগুলোতে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্য রয়েছে। ফলে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় কোচগুলো একটির ওপর আরেকটি উঠে যাবে না। পুরোনো স্ক্রু কাপলিং ব্যবস্থার বদলে উন্নত সিবিসি কাপলিং থাকায় কোচগুলোতে ঝাঁকুনি অনেক কম হবে। কোচগুলোতে যাত্রীদের ভ্রমণ সুবিধার্থে রয়েছে আলাদা শিশু পরিচর্যা বা বেবি কেয়ার রুম। প্রার্থনাকক্ষ বা নামাজেরও ব্যবস্থা রাখা হয়েছে।
অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে কোচগুলোর কাঠামো শক্তিশালী করা হয়েছে। সুসংহত সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং যাত্রীদের জরুরি প্রয়োজনের জন্য প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম সংযুক্ত রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, কোচগুলোর নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে। ট্রায়াল রানে কারখানার প্রকৌশলীদের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞ দল যুক্ত ছিলেন। পরে ট্রায়াল রানের ফল মূল্যায়ন করে কিছু কারিগরি কাজ সম্পন্ন করে কোচগুলো ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন কোচগুলো দিয়ে ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেন চলাচল করবে।