হোম > সারা দেশ > পাবনা

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ বিএনপির ৫ সমর্থক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ আরও কয়েকজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তিরা বিএনপির সমর্থক বলে জানা গেছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ঈশ্বরদী শহরের পূর্বটেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ ও শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় বালুর ব্যবসার আধিপত্য নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ সন্ধ্যায় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে এক পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন। সংঘর্ষে আরও কয়েকজন আহত হন।

আহত ব্যক্তিদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে গুলিবিদ্ধ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকেও পাওয়া যায়নি।