হোম > সারা দেশ > পাবনা

নৌকায় ওঠা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৭

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সংঘর্ষে আহতরা সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় পাওনা টাকা ও ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার বোয়াইমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বোয়াইমারী গ্রামের আশরাফুল ইসলামের ফুফাতো ভাই গাগড়াখালী গ্রামের নাসিমের কাছে টাকা পাওনা ছিল। রোববার সন্ধ্যায় ওই টাকা চাওয়া এবং ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন।

আহতদের মধ্যে আশরাফুল ইসলাম (২৮), মারুফ (১৬) ও আলামিন (২৮) গুরুতর আহত অবস্থায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অপর পক্ষের সোহেল (৩৭), হাবিবুর রহমান হাবিল (৫২) ও টুটুল (৩২) স্থানীয় সসতা ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষে আহতরা সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত

এ ঘটনায় সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, পুলিশ লিখিত অভিযোগ পেয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।