পাবনার সাঁথিয়া সরকারি কলেজের এক প্রভাষককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে একই কলেজের ক্রীড়া শিক্ষক মোস্তাফিজুর রহমান মুক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রভাষক আমিরুল ইসলাম সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
গতকাল শুক্রবার বিকেলে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে সিএনজি স্ট্যান্ড থেকে আমিরুল ইসলামকে টেনেহিঁচড়ে দৌলতপুর সেতুর পাশের একটি চায়ের দোকানে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, কলেজের অভ্যন্তরীণ বিষয় নিয়ে গত বৃহস্পতিবার মোস্তাফিজুর রহমানের সঙ্গে প্রভাষক আমিরুল ইসলামের বিরোধ হয়। এর জেরে পরদিন শুক্রবার বিকেলে আমিরুল সিএনজি স্ট্যান্ডে পৌঁছালে মোস্তাফিজুর রহমান তাঁর কলার ধরে টেনেহিঁচড়ে পাশের একটি চায়ের দোকানে নিয়ে যান। সেখানে তাঁকে মারধর করে আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন আমিরুল ইসলামকে উদ্ধার করে বাড়িতে পাঠান। তিনি সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় আজ শনিবার তিনি বাদী হয়ে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষক বলেন, মোস্তাফিজুর রহমান নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় শিক্ষকদের অপমান ও অপদস্থ করছেন।
অভিযোগের বিষয়ে মোস্তাফিজুর রহমান মুক্তি মারধরের কথা স্বীকার করে বলেন, ওই প্রভাষকই তাঁকে অপমান ও অপদস্থ করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।