পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বড়গ্রামে আলমগীর হোসেনের দোকান ও বাড়িতে পরপর তিনবার আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সবশেষ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাঁর বাড়িতে আগুন লাগে। এতে দুটি মোটরসাইকেল, পেঁয়াজ, আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। ঘটনার পর পরিবারটি নিরাপত্তাহীনতায় আছে বলে অভিযোগ করেছে।
সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বড়গ্রামে আলমগীর হোসেনের বাড়ি এবং আতোশোভা বাজারে তাঁর দোকান। তিনি দীর্ঘদিন ধরে আতোশোভা বাজারে সার, কীটনাশক, মুদিখানা এবং ডেকোরেটরের ব্যবসা করে আসছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, গতকাল দিবাগত রাত ২টার দিকে হঠাৎ ঘরে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে গত ০৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আলমগীর হোসেনের দোকানে আগুন লাগে। এতে দোকানে থাকা প্রায় ৩০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এরপর ২৪ জুলাই রাত ১টার দিকে আর তাঁর বাড়ির একটি পেঁয়াজ রাখার ঘরে আগুন লাগে। ওই ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
ভুক্তভোগী আলমগীর হোসেন বলেন, ‘দোকান ও বাড়িঘর মিলে আমার প্রায় ৪৮ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। পরপর তিনবার আগুন লাগায় আমরা নিরাপত্তাহীনতায় আছি। আগুন দেওয়া হচ্ছে রাতে এবং সুপরিকল্পিতভাবে।’
সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘দোকানে আগুনের পর বাড়িতে আগুন --এটা উদ্বেগের বিষয়। এ ঘটনায় মামলা হয়েছে। দ্রুতই মামলাটি তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।’