হোম > সারা দেশ > পাবনা

ঘরের দরজা ভেঙে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম রবি ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী ঢাকায় থাকেন। তিনি তিন সন্তানকে নিয়ে নিজ বাড়িতে থাকেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে রবি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ ও তাঁর সন্তানদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রবিকে আটক করেন। পরে তাঁকে চাটমোহর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় আজ শনিবার সকালে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চাটমোহর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্ত রবিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’