পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের দাবিতে সতর্ক অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপির বিবদমান দুটি গ্রুপ। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের পোস্ট অফিস মোড় ও রেলগেট বাসটার্মিনাল এলাকায় পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। পৃথক কর্মসূচিতে উপজেলা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন সংগঠনের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতা কর্মীরা অংশ নেন।
বিবদমান দুই গ্রুপের একটির নেতৃত্বে ছিলেন এবারের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। অপর গ্রুপে ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও স্বতন্ত্র এমপি প্রার্থী জাকারিয়া পিন্টু-সমর্থিত নেতা কর্মীরা। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার ব্যানারে কর্মসূচি পালন করেন।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় জাকারিয়া পিন্টুসহ তার দুই ভাই এবং স্থানীয় বিএনপির কয়েকজনকে কেন্দ্রীয় আদেশে বহিষ্কার করা হয়। এ অবস্থার প্রেক্ষিতে দুই পক্ষ পৃথক কর্মসূচি পালন করে।
জাকারিয়া পিন্টুর অনুসারীদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, বিএনপির সাবেক নেতা আশিকুর রহমান নান্নু, মাহমুদুর রহমান জুয়েল এবং ছাত্রদলের সাবেক সভাপতি খোন্দকার তৌফিক আলম সোহেলসহ দলীয় একাংশের নেতা কর্মীরা।
পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বাধীন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, তুহিন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা খোরশেদ আলম দিপু, মিজানুর রহমান মিজানসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচি চলাকালে দুই পক্ষের নেতা কর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, আওয়ামী লীগের অপতৎপরতা রোধ ও জননিরাপত্তায় তারা সব সময় রাজপথে থাকবেন। তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের জানমাল রক্ষায় বিএনপি নেতা কর্মীরা আগেও রাজপথে ছিলেন, বর্তমানেও দায়িত্ব পালনে তৎপর থাকবেন।