হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

শরিফুল ইসলাম শরিফ । ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ গুরুতর আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে প্রাইভেটকার থামিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম শরিফ প্রাইভেটকারে করে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগরে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর প্রাইভেটকারের গতিরোধ করেন। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান।

এতে শরিফের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে শরিফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে ওসি বলেন, প্রাথমিক তদন্তে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।