পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে নির্মাণ কাজের সময় হাইড্রলিক ট্রলির জ্যাক ভেঙে নিচে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার প্রকল্পের অভ্যন্তরে নিকিমথ কোম্পানির একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। উজ্জ্বল রূপপুরের নিকিমথ কোম্পানির একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে।
পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো উজ্জ্বল খন্দকার শুক্রবার বিকেলে রূপপুর প্রকল্প এলাকার ভেতরে হাইড্রলিক ট্রলিতে কাজ করছিলেন। হঠাৎ ট্রলিটির জ্যাক ভেঙে প্রায় ২০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে মাথা, ডান পাসহ শরীরে গুরুতর আঘাত পান। সহকর্মীরা তাঁকে প্রকল্পের ভেতরে মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, আমরা পরে খবর পেয়েছি রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিক মারা গেছেন। দুর্ঘটনাটি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।