নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে একটি সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে নিয়ামুল হাসান নামের এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মদন মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নিয়ামুল হাসান উপজেলার দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যথাসময়ে নির্দিষ্ট কক্ষে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিতে আসে নিয়ামুল। পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে চলন্ত একটি সিলিং ফ্যান ছিঁড়ে নিয়ামুলের গায়ে পড়ে। এতে মাথা, গাড়সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয় সে। এ সময় পুরো কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত পরীক্ষার্থীরা দিগ্বিদিক করলে কিছুক্ষণ পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়। কিছুক্ষণের মধ্যে একটি মেডিকেল টিম কেন্দ্রে পৌঁছে ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিয়ামুল পুনরায় পরীক্ষায় অংশ নেয়। চিকিৎসা নিতে সময় লাগায় ওই শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের থেকে অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়।
তাঁরা আরও জানান, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কার করা প্রয়োজন। অন্যথায় আগামী দিনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি দেখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রটির বেশ কিছু কক্ষে বৈদ্যুতিক সরঞ্জাম অত্যন্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।