বয়স তাদের সতেরো থেকে বাইশের মধ্যে। কৈশোর আর তারুণ্যের উদ্দামতায় তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিল বাজারের দিকে। তীব্র গতিতে ছুটছিল তাদের মোটরসাইকেল। আর সেই গতিই কেড়ে নিল তিনটি তাজা প্রাণ।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে নিহত হয় তিন বন্ধু। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কাঞ্চন বাজার-চরহাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চরজব্বার ইউনিয়নের হাজী গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭), আদর্শ গ্রাম বেড়িবাঁধ এলাকার আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) ও পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল।
একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে আব্দুল করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন।
উন্নত চিকিৎসার জন্য শামীমকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের বরাতে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি সড়কে থাকা বালুতে পিছলে যায়। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।