নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের মামলার তদন্ত করতে গিয়ে এক পক্ষের হামলায় পুলিশ পরিদর্শকসহ (তদন্ত) ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
আজ মঙ্গলবার বেলা ৩ টার দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ আহমেদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ, উপ-পরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনেস্টবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ, গাড়ি চালক ইছাক শেখ।
পুলিশ জানায়, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দুই পক্ষের জমি নিয়ে বিরোধের জেরে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৯-১০ জনকে অভিযুক্ত করে চাঁদাদাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দারুল ইহছান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার।
অভিযোগ পেয়ে বিকেলে পুলিশের একটি দল ঘটনাস্থলে তদন্তে যায়। এ সময় দুই পক্ষকে কাগজ নিয়ে থানায় আসতে বলে ফেরার পথে বাদী নুরুল আবসার পুলিশকে মোবাইলে জানাম বিবাদীরা প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালিয়েছে এবং সিসিটিভি ভাঙচুর করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কাছে ভাঙচুরের কারণ জিজ্ঞেস করতেই তারা পুলিশের ওপর লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা চালায়। এতে পুলিশের ওই ৫ সদস্য আহত হন। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, এঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল ও পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে।