নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে ফের রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত চলা এ অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। অভিযানে মোট ১৬৩ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে ২ জনকে পূর্বের মামলায় গ্রেপ্তার, ৯ জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।
জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।