নোয়াখালীতে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াধীন লাল বয়া-সংলগ্ন এলাকায় গত ২৭ নভেম্বর বেলা ১১টায় কোস্ট গার্ড হাতিয়া স্টেশন একটি অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ৩টি বোটে তল্লাশি করা হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ জন পাচারকারীকে আটক করা হয়।
এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দকৃত সুপারি, বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।