যুবলীগের নীলফামারীর সৈয়দপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা-পুলিশ।
আজ রোববার ভোররাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
গ্রেপ্তার মোস্তফা ফিরোজ সৈয়দপুর পৌরসভার কুন্দল এলাকার জহির উদ্দিনের ছেলে। তিনি সৈয়দপুর কলেজের সাবেক ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা। রাজনীতির পাশাপাশি একজন ইটভাটা ও সার ব্যবসায়ী ছিলেন। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
ওসি রেজাউল বলেন, নাশকতার মামলায় সম্পৃক্ততা থাকায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সিআর মামলাও রয়েছে।