নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুলাভাইয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসে জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত রেজাউল করিম উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া পূর্বপাড়া এলাকার আব্দুল ওহাবের ছেলে।
বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, দোলাপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ ভাইয়ের সঙ্গে অপর ভাই আমিন উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। গত সোমবার আমিন উদ্দিনের শ্যালক রেজাউল করিম আত্মীয়স্বজন নিয়ে তাঁর বাড়িতে দাওয়াত খেতে আসেন।
অভিযোগ রয়েছে, এ সময় বিরোধপূর্ণ পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে রেজাউল করিমসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে রেজাউল করিমের মৃত্যু হয়।
আমিন উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তারা আমাকে জমিতে যেতে বাধা দেয়। সোমবার আমার শ্যালক দাওয়াত খেতে এলে তারা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমরা গুরুতর আহত হই। পরে হাসপাতালে নেওয়ার পর আমার শ্যালক মারা যায়।’
মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন, ‘দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত রেজাউল করিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।