নীলফামারীর সৈয়দপুরে আজ শনিবার বেলা ৪টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, আজকের দিনে দেশের মধ্যে এটিই সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র গরমে এ অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড রোদে কাজ করা কঠিন হয়ে পড়েছে। অতিরিক্ত গরমের কারণে অনেকেই কাজ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। তীব্র রোদ ও গরমে অনেককে কাজের ফাঁকে গাছের ছায়ায় বা ঠান্ডা স্থানে বিশ্রাম নিতে দেখা গেছে।
কলিম মজুমদার নামে এক রিকশাচালক জানান, `গরমে, ঘামে শরীর কাহিল হয়ে পড়ে। বেশিক্ষণ রিকশা টানা যায় না। তাই গত কয়েক দিন ধরে উপার্জনও কম।'
এদিকে গরমের কারণে স্থানীয় বাজার ও ফুটপাতে আখের রস, লেবুর শরবতসহ ঠান্ডা পানীয়ের বিক্রি বেড়েছে। একটু প্রশান্তি আর তৃষ্ণা নিবারণে সাধারণ মানুষ এসবের ওপর নির্ভর করছেন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, আগামী কয়েকদিন এই সময়ে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকতে পারে। এ কারণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।