হোম > সারা দেশ > নীলফামারী

সকালে হাসপাতালে সন্তান প্রসব, দুপুরেই এইচএসসি পরীক্ষায় বসল উম্মি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

উম্মির নবজাতক সন্তানকে উপহারসামগ্রী দিচ্ছেন সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. শাহীদ শাহাব। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে সকালে সন্তান প্রসব করে দুপুরেই এইচএসসি পরীক্ষা দিয়েছে উম্মি নামের এক পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে সমাজবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয ওই প্রসূতি।

উম্মি শহরের গোলাহাট এলাকার আজাহার আলীর মেয়ে। সে কয়া গোলাহাট কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরিবার ও কলেজ সূত্রে জানা যায়, বছর দেড়েক আগে উম্মির বিয়ে হয়। আজ তার সমাজবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা ছিল। কিন্তু সকালের দিকে তার প্রসবব্যথা শুরু হয়। পরে স্বজনেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে সে সন্তান প্রসব করে। পরে দুপুরের দিকে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্রসচিবকে বিষয়টি জানায় এবং শারীরিক অসুস্থতা নিয়েই সে পরীক্ষায় অংশ নেয়। নবজাতককে নিয়ে কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন ওই পরীক্ষার্থীর মা। পরীক্ষা শেষে কেন্দ্রসচিব ওই পরীক্ষার্থীর নবজাতককে উপহারসামগ্রী দেন।

পরীক্ষার্থীর মা বলেন, ‘আজ সকালে আমার মেয়ে একটি ছেলেসন্তান প্রসব করেছে। এরপর চিন্তায় ছিলাম, মেয়েটি পরীক্ষা দিতে পারবে কি না। মেয়ে সাহস করে পরীক্ষা দিয়েছে। পরীক্ষাও ভালো হয়েছে বলল।’

সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রসচিব মো. শাহীদ শাহাব বলেন, ‘আজ একজন পরীক্ষার্থী সকালে হাসপাতালে সন্তান প্রসব করে। পরে দুপুরেই সে পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেটি আমাদের জানালে আমরা তার পরীক্ষা নিয়েছি। সেই সঙ্গে পরীক্ষা শেষে তার সন্তানকে আমাদের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে।’