নীলফামারীর সৈয়দপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর পৌরসভার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজীপাড়া ঈদগাহ মাঠ এলাকার কাজী মোখছেদুলের পক্ষের লোকজনের সঙ্গে মইনুল শেখের পরিবারের ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই জমি নিয়ে আদালতের একটি রায়কে কেন্দ্র করে আজ সকালে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত কাজী মোখছেদুলের জামাতা আরিফ হোসেন বলেন, ‘ওই জমি আমার শ্বশুরের পরিবারের, কিন্তু মইনুল শেখ জোরপূর্বক জমিটি দখলে রেখেছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর আমাদের পক্ষে রায় এসেছে। কিন্তু প্রতিপক্ষ আদালতের রায় মানছেন না। রায়ের কাগজপত্র নিয়ে জমিতে কথা বলতে গেলে প্রতিপক্ষ ভাড়াটে লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পক্ষের প্রায় ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।’
অন্যদিকে মইনুল শেখ বলেন, ‘ওই জমির মালিক আমরা, কিন্তু কাজী মোখছেদুল লোকজন ভাড়া করে এনে আমাদের ওপর হামলা করেছেন। এতে আমার পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন।’
সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।