নীলফামারীর সৈয়দপুরে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। গতকাল রোববার দুপুরে স্থানীয় একটি আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির মা সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ও অভিযোগের সূত্রে জানা যায়, গতকাল বেলা ১টার দিকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ বাড়ির সামনে থেকে শিশুটিকে ডেকে নেয় ওই কিশোর। পরে স্থানীয় একটি ভবনের পেছনের ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি কিছু সময় পর বাড়িতে গেলে গোসলের সময় তার মা বিষয়টি বুঝতে পারেন। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর অভিযুক্ত কিশোরকে ডেকে জানতে চাইলে সে ঘটনা স্বীকার করে। একপর্যায়ে কিশোরের পরিবারের লোকজন ভুক্তভোগীর মাকে গালিগালাজ করেন এবং হুমকি দেন।
ঘটনার পর শিশুটিকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, শিশুর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।