নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি মাদ্রাসার ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুটির মা কেন্দুয়া থানায় মামলাটি করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামি করা হয়েছে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটি রামচন্দ্রপুর অবস্থিত আমিনা আজিজুল নুরে মদিনা হেফজুল কোরআন মাদ্রাসার মোহতামিম হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমানকে (৩০)। তাঁর বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়ার রামনগর গ্রামে।
এজাহারে উল্লেখ করা হয়, গত শুক্রবার (১২ জুন) দুপুরে শিশুটি টয়লেট থেকে দেরি করে ফিরলে তার মা কারণ জানতে চান। এ সময় ভুক্তভোগী ছেলেশিশুটি জানায়, মাদ্রাসার মোহতামিম হেলাল উদ্দীন তাকে যৌন নির্যাতন করেছেন। পরে শিশুটির মা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ছয়-সাত মাস ধরে শিক্ষক হেলাল উদ্দীন শিশুটির ওপর এ ধরনের নির্যাতন চালিয়ে আসছিলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আনিসুজ্জামান সিদ্দিকী (রেনু) বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা ভুক্তভোগী পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।’
কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।