হোম > সারা দেশ > নেত্রকোনা

১১ বছরের শিক্ষার্থী অন্তঃসত্ত্বা: ডিএনএ পরীক্ষায় দোষী সাব্যস্ত সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাদ্রাসা পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে আলোচিত শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলায় তাঁর ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল।

মামলার বিবরণে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।

গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করালে চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন।

৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির প্রতিবেদনে বলা হয়, শিশুটির নবজাতক কন্যার ডিএনএ প্রোফাইলের সঙ্গে আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া গেছে। অর্থাৎ নবজাতকের জৈবিক বাবা সাগর—ডিএনএ পরীক্ষায় তা প্রমাণিত হয়েছে।

পরে ২৭ আগস্ট সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।