হোম > সারা দেশ > নেত্রকোণা

সোমেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে শাহীন চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার পূর্ব বাকলজোড়া এলাকার জামে মসজিদসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহীন চৌধুরী দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বরইউন্দ গ্রামের মৃত আবদুল লতিফ চৌধুরী ও রহিমা চৌধুরীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর ছোট ভাই কায়সার আহমেদ চৌধুরী (৪৪) মরদেহটি শনাক্ত করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, শাহীন চৌধুরী প্রায় ৩০ বছর ধরে মাদকাসক্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই বিভিন্ন স্থানে অচেতন হয়ে পড়ে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।