হোম > সারা দেশ > নেত্রকোণা

নদীতে ভেসে ওঠা নবজাতকের লাশ: রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের

নেত্রকোনা প্রতিনিধি

অভিযুক্ত সাজন মিয়া। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রতিবেশী ১২ বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের ফলে সে গর্ভবতী হয়। পরে মৃত কন্যাশিশুর জন্ম হলে ঘটনাটি ধামাচাপা দিতে নবজাতকের মরদেহে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় মো. সাজন মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় সাত মাস আগে সাজন মিয়া প্রতিবেশী ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। এতে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে গর্ভপাতের সময় সে মৃত কন্যাশিশুর জন্ম দেয়। ঘটনাটি গোপন করতে নবজাতকের মরদেহে ইট বেঁধে কালিহর নদীতে ফেলে দেওয়া হয়। কিশোরীর বয়স কম হওয়ায় ও শারীরিক পরিবর্তন স্পষ্ট না হওয়ায় পরিবারের সদস্যরা আগে বিষয়টি বুঝতে পারেননি।

পুলিশ জানায়, গত ২৮ জুন রাতে বাড়ির শৌচাগারের পাশে মৃত কন্যাশিশুর জন্ম দেয় ওই কিশোরী। পরে সে বিষয়টি তার মাকে জানায়। এরপর কিশোরীর মা অভিযুক্ত সাজন মিয়াকে বাড়িতে ডেকে আনেন। অভিযোগ রয়েছে, সাজন ঘটনাটি ধামাচাপা দিতে পরিবারকে ভয়ভীতি দেখিয়ে নবজাতকের মরদেহে ইট বেঁধে নদীতে ফেলে দেন।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজন মিয়া ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে নিয়ে আলামত উদ্ধারে অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ২৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলা উপজেলার কালিহর নদী থেকে ইটের সঙ্গে বাঁধা অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক খান বাদী হয়ে পূর্বধলা থানায় গর্ভপাত ও মৃত নবজাতককে গুমের ঘটনায় একটি মামলা করেন। এই মামলায় ওই যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিড়ি চাওয়ার জেরে হাতাহাতি, অ্যাসিড নিক্ষেপে দগ্ধ ৩

মুক্তিযুদ্ধের সময় গুলিবিদ্ধ: ৫৫ বছর পর শাপমুক্ত হলেন মন্নাস আলী

মোহনগঞ্জে প্রেমিকের সহযোগিতায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

নেত্রকোনায় অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার, গ্রেপ্তার ৮

হারিকেনের আলোয় পড়াশোনা করে পররাষ্ট্র ক্যাডারে প্রথম: তানভীরের এগিয়ে চলার গল্প

কেন্দুয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ইট বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয় নবজাতককে, ভেসে উঠলে লাশ উদ্ধার করে পুলিশ

আর্জেন্টিনার খেলার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে পিকআপে তোলার সময় হাজির পুলিশ

দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা