হোম > সারা দেশ > নেত্রকোণা

‘মা, কেঁদো না, বাবা আকাশের স্টার হয়ে গেছে’—নিহত আলিফের স্ত্রীকে মেয়ে

নেত্রকোনা প্রতিনিধি

মেয়ে প্রান্থিকে কোলে নিয়ে মা আনন্দিতা সাংমা। ছবি: আজকের পত্রিকা

মা, কেঁদো না। বাবা আকাশের স্টার হয়ে গেছে। কয়েকদিন পরেই আমাদের কাছে চলে আসবে—গুলিতে নিহত সাংবাদিক আলিফের স্ত্রীকে এভাবেই সান্ত্বনা দিচ্ছে চার বছরের প্রান্থি।

বাবা যে আর কোনোদিন ফিরবেন না, সেই বোধটুকু এখনো হয়নি তার। তবু মায়ের চোখের পানি দেখে নিজের মতো করে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে অবুঝ শিশুটি।

মেয়ের মুখে এমন কথা শুনে কান্না আর ধরে রাখতে পারেননি আনন্দিতা সাংমা। যে মেয়েটির এখন বাবার কোলে চড়ে বেড়ানোর কথা, সেই মেয়েই বাবাকে হারিয়ে কাঁদতে থাকা মাকে সান্ত্বনা দিচ্ছে। এই দৃশ্য যেন স্বামী হারানোর শোককে আরও ভারী করে তোলে তাঁর কাছে।

আনন্দিতা বলেন, ‘মেয়ের মুখে এসব কথা শুনলে বুকটা ফেটে যায়। বাবা যে আর কোনোদিন ফিরে আসবে না, তা বোঝার বয়স এখনো হয়নি তার। ওর কথা শুনে আমার কান্না দ্বিগুণ হয়ে যায়।’

প্রান্থির ছোট ভাই আইয়ান সাফয়ানের বয়স দেড় বছর। বাবার মৃত্যুর অর্থ বোঝার বয়স হয়নি তারও। দুই দিন ধরে বাবাকে কাছে না পেয়ে কিছুক্ষণ পর পর কেঁদে অস্থির হয়ে উঠছে সে। বাবা ডাকতে শিখেছে, কিন্তু সেই বাবা যে আর কোনো দিন সাড়া দেবেন না, তা বোঝার ক্ষমতা এখনো হয়নি তার।

এই দুই শিশুকে নিয়েই এখন অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আনন্দিতা। স্বামীকে হারানোর শোকের পাশাপাশি সন্তানদের কীভাবে বড় করবেন, কীভাবে তাদের বাবার অভাব পূরণ করবেন—এসব দুশ্চিন্তা তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে।

আজ শনিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায়, মেয়ে প্রান্থিকে কোলে নিয়ে কাঁদছেন আনন্দিতা। তাঁকে সান্ত্বনা দিতে বাড়িতে জড়ো হয়েছেন প্রতিবেশীরা। এসেছেন আলিফের বোনেরাও। স্বামীকে হারানোর শোকের মধ্যেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা জানান তিনি।

আনন্দিতা সাংমা বলেন, ‘বাবাহীন ছোট ছোট ছেলে-মেয়েকে নিয়ে আমি কীভাবে মানুষ করব? আলিফ ছেলে-মেয়েকে খুব ভালোবাসত, অনেক আদর করত। ওরা তো আর কোনো দিন বাবার আদর পাবে না। যারা আমার সন্তানদের এতিম করেছে, বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছে, আমি তাদের কঠিন শাস্তি দেখতে চাই। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।’

লেখালেখির কারণে হুমকি পেতেন আলিফ

স্বামী হত্যার পেছনে তাঁর লেখালেখির বিষয়টিও সামনে এনেছেন আনন্দিতা। তাঁর ভাষ্য, আলিফ অনিয়ম-দুর্নীতি নিয়ে লেখালেখি করতেন। মোবাইল ফোনে বাসায় কথা বলার সময় এসব বিষয়ে আলোচনা শুনেছেন তিনি। তখন বুঝতে পেরেছেন, আলিফকে অনেকে হুমকি দিতেন।

আলিফের বড় ভাই শহীদুল ইসলাম ফকিরও মনে করেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আলিফ অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন। সীমান্ত এলাকার মাদক-চোরাচালান, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতি নিয়ে লিখতেন। এর জেরেই তাঁকে হত্যা করা হয়েছে বলে তাঁদের ধারণা।

আলিফের বড় বোন কল্পনা আক্তারও হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। তিনি বলেন, আলিফ অনিয়ম-দুর্নীতি নিয়ে লিখতেন, অন্যায়ের সঙ্গে আপস করতেন না। তাঁর মৃত্যুর পর স্ত্রী ছোট দুই সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন। সরকারের কাছে হত্যাকারীদের বিচারের পাশাপাশি আলিফের স্ত্রী-সন্তানদের সহায়তার দাবি জানান তিনি।

কল্পনা বলেন, তাঁর ভাইয়ের স্ত্রী নার্সিংয়ে পড়াশোনা করেছেন। তাঁকে চাকরির ব্যবস্থা করে দিলে সন্তানদের মানুষ করে গড়ে তোলা সহজ হবে।

শ্বশুরবাড়ির কাছেই গুলি করে হত্যা

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা। তিনি দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী আনন্দিতা সাংমার সঙ্গে থাকতেন।

গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে কয়েক গজ দূরে একটি দোকানের পাশে আলিফকে গুলি করে দুর্বৃত্তরা। মাথা, গলা ও বুকে ছয়টি গুলি লাগে তাঁর। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতনামা আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গ্রেপ্তারে একাধিক সংস্থা কাজ করছে

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বলেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ, এসআরবিসহ একাধিক সংস্থা কাজ করছে। দ্রুতই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন

সাংবাদিক আলিফকে আগেও ‘হত্যাচেষ্টা’, খুনের দিন পোস্টে ‘গডফাদারের’ তথ্য প্রকাশের ইঙ্গিত

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো মিশুকচালকের মরদেহ উদ্ধার

ভ্যানে বিশেষ কৌশলে লুকানো ১৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক যুবক

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ‘পেট্রল’ ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু