সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসাসা এলাকায় সোফা তৈরির একটি কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। গতকাল রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।
নিহত তিনজন হলেন নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের জাকির আলীর ছেলে শামীম হোসেন (৩৫), শ্রীপুরপাড়ার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির আহমেদ শুভ (৩০) এবং মহিশডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয় (২৫)।
খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন জানান, দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় এক বছর আগে ওই তিন যুবক সৌদি আরবে যান। তাঁরা রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন।
নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, প্রিয়জনদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হোক। পাশাপাশি সরকারের কাছে প্রয়োজনীয় সহযোগিতারও দাবি জানিয়েছেন তাঁরা।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আজ সকালে আমরা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছি। সরকারের পক্ষ থেকে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।’
ইউএনও আরও বলেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।