হোম > সারা দেশ > নাটোর

লালপুরে এক দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুর উপজেলায় এক দিনের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর (সহোদর দুই ভাই) রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই শিশুর মৃত্যুর পর তাদের বাবা মরজেম আলী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় নিহত শিশুদের মা মোছা. তুলি খাতুন লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

মারা যাওয়া শিশুরা হলো বিলমাড়িয়া মডেল একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তুহিন আলী (৮) এবং তার ছোট ভাই তুষার আলী (৪)।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত ১৩ জুলাই তুলি খাতুন বাবার বাড়িতে চলে গেলে মরজেম আলী দুই সন্তানকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। তিনি নিজেই রান্নাবান্না ও সন্তানদের দেখাশোনা করতেন।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে তুহিন কলা ও চিড়া খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মরজেম আলী ও ছোট ছেলে তুষার আলুভর্তা দিয়ে ভাত খান। রাত ৩টার দিকে তুহিনের হঠাৎ বমি শুরু হলে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. সুরুজ্জামান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে স্থানীয় চকশেরপাড়া কবরস্থানে তুহিনকে দাফন করা হয়।

পরে গত শুক্রবার দুপুরে ছোট ছেলে তুষারেরও একই ধরনের উপসর্গ দেখা দেয়। তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে তুষারের মরদেহ বাড়িতে আনার পর শোকে ভেঙে পড়েন বাবা মরজেম আলী। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে স্বজনেরা তাঁকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতাল হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ রোববার দুপুর পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তাঁর ভাতিজা শুভ আহমেদ।

মারা যাওয়া শিশুদের নানা হাবিবুর রহমান ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ছোট ছেলে তুষারের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রসঙ্গত, প্রায় আট মাস আগে মরজেম আলী ও তুলি খাতুনের বিবাহবিচ্ছেদ হয়েছিল। পরে তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে সংসার শুরু করেন বলে জানিয়েছেন তুলির বাবা হাবিবুর রহমান।

নাটোরের গুরুদাসপুরে সড়ক পাকা করার প্রতিশ্রুতিতে চাঁদা আদায় ওলামা দলের নেতার

নেশার টাকা জোগাতে ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার

লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের বিদায়, দ্বিতীয় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

সরকারি রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীর কাছে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

নাটোরে হালতি বিলে অভিযান, ৪ নৌকা-বাদাই জাল জব্দ, ৭৫ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেল প্রাথমিকে বৃত্তি

গুরুদাসপুরে ‘অবৈধ’ পেট্রলপাম্পে আগুন, দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই

৮ দফা দাবিতে নবেসুমিতে শ্রমিক নেতাদের সভা

প্রধানমন্ত্রীকে কটাক্ষ নাসীরুদ্দীন পাটওয়ারীর

লালপুরে একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বিচ্ছিন্ন