হোম > সারা দেশ > নাটোর

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ছেলের, বাঁচলেন বাবা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে মাছ ধরতে গিয়েছিলেন বাবা-ছেলে। হঠাৎ ওঠে ঝড়। উত্তাল ঢেউয়ে টাল সামলাতে না পেরে নৌকা থেকে পানিতে পড়ে যান দুজনেই। এ ঘটনায় বাবা হবি প্রামাণিক প্রাণে বাঁচলেও দুই ঘণ্টা পর উদ্ধার হয় ছেলে সোদু ইসলামের (৩৫) মরদেহ। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। তাঁরা নলডাঙ্গা উপজেলার খাজুরার বামন গ্রামের বাসিন্দা।

নলডাঙ্গা থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ছোট ডিঙ্গি নৌকায় মাছ ধরতে হালতি বিলে যান হবি প্রামাণিক ও তার ছেলে সোদু ইসলাম। তীব্র ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে হবি প্রামাণিক ও সোদু ইসলাম পানিতে পড়ে যান। এ সময় হবি প্রামাণিক আহত অবস্থায় অন্য একটি নৌকায় আশ্রয় নিতে সক্ষম হলেও সোদু পানিতে ডুবে নিখোঁজ হন।

পরে স্থানীয় জেলেরা জাল দিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সোদুর মরদেহ উদ্ধার করেন।

নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।