হোম > সারা দেশ > নাটোর

‘কুত্তা গাড়ি’র ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিনচালিত ‘কুত্তা গাড়ি’র ধাক্কায় মুস্তাফিজুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার লালপুর ইউনিয়নের ছয় রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাফিজুর রহমান গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লার ঠিকাদার জাহাঙ্গীর আলমের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বন্ধু ইমনকে (২৫) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে লালপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন মুস্তাফিজুর। ছয় রাস্তার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ‘কুত্তা গাড়ি’র সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ইমন সামান্য আহত হলেও মুস্তাফিজুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মুস্তাফিজুরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে রাজশাহীর রাজপাড়া থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।