নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাইম আহম্মেদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামে এ ঘটনা ঘটে। সাইম আহম্মেদ উপজেলার কুশমাইল গ্রামের শাকিব হোসেনের ছেলে।
কুশমাইল গ্রামের বাসিন্দা রায়হান আলী জানান, বিকেলে শিশুটিকে বাড়ির আঙিনায় খেলতে দিয়ে তার মা গৃহস্থালী কাজ করছিলেন। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।