হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ও দুজনকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বনপাড়া বাইপাস মোড়ে পাশাপাশি থাকা বিআরটিসি কাউন্টার ও লোকাল বাস কাউন্টারের লোকজনের মধ্যে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয়। এর জেরে আজ লোকাল বাস কাউন্টারে মীমাংসার জন্য বসলে একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের সময় বিআরটিসি কাউন্টারের মালিক নয়ন (২৫), বনপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন (৩৫), সাহিন হোসেনসহ (৩৫) ২০ থেকে ২৫ জন অতর্কিত হামলা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অপর গ্রুপের বনপাড়া পৌরসভার ৭ নম্বর হারোয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন (৫৫), ১১ নম্বর চকপাড়া ওয়ার্ডের আসলাম হোসেন (৪৭), ২ নম্বর বনপাড়া ওয়ার্ড কৃষক দলের সভাপতি মমতাজ উদ্দিন (৫০) ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হোসেন ফকির (৫০) গুরুতর আহত হন।

আহত হোসেন ফকির ও আসলাম হোসেনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চারটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।