হোম > সারা দেশ > নাটোর

নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রতারণা, পল্লিচিকিৎসকের জরিমানা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে জরিমানা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ নেই তাঁর। নেই এমবিবিএস ডিগ্রিও। অথচ দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগী দেখে আসছিলেন নাটোরের নলডাঙ্গার পল্লিচিকিৎসক আল আমিন। আজ সোমবার এই অভিযোগে তাঁকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

উপজেলার খাজুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।

নলডাঙ্গা থানা-পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাজুরা এলাকার পল্লিচিকিৎসক আল আমিন বিএমডিসির সনদ ছাড়াই রোগীর ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ‘ডাক্তার’ লিখতেন এবং সিল-প্যাড ব্যবহার করতেন।

ভ্রাম্যমাণ আদালত মনে করেন, এ ঘটনায় সেবাগ্রহীতাদের অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি ফার্মেসি প্রতিষ্ঠানকে পৃথকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, বিএমডিসি কর্তৃক বৈধ নিবন্ধন না থাকলে কোনো চিকিৎসকই নিজস্ব প্যাড ব্যবহার করে নামের আগে ডাক্তার লিখে চিকিৎসা দিতে পারেন না। চিকিৎসক পরিচয়ে ব্যক্তিগত চিকিৎসাচর্চা না করার জন্য তিনি সতর্ক করেন।