নাটোরের বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের মাত্র এক ঘণ্টা আগে না ফেরার দেশে চলে গেলেন বড়াইগ্রাম কারিগরি অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী মারুফ আহমেদ (১৬)। গতকাল সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারুফ উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের তারানগর গ্রামের মিলন হোসেনের ছেলে। সে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মারুফ। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে একই দিন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, মারুফ গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছে। তবে ফল প্রকাশের দিনই তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মারুফের বাবা মিলন হোসেন বলেন, ‘আমার ছেলে যে ফলই করুক, তাতেই আমি খুশি। বেঁচে থাকলে আগামীতে এই বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করতে পারত। কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেলেন।’