হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে জমি বিক্রি না করায় বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে জমির দখল নিতে রজব আলী (৭০) নামে এক বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। এ সময় রজব আলীসহ তাঁর পরিবারের ১০ জন আহত হন। গত রোববার উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন রজব আলীর ছেলে কামাল হোসেন (৩৫) সাতজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত না হওয়ায় এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে না যাওয়ায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

আহত ব্যক্তিরা হলেন রজব আলী (৭০), তাঁর ছেলে কামাল হোসেন (৩৫) ও শাহিন হোসেন (৩০), স্ত্রী মনোয়ারা বেগম (৫৫), নাতি মুজাহিদুল ইসলাম (৬), পুত্রবধূ আরজিনা বেগম (২৮), আব্দুল ওহাব (৬৫), তাঁর স্ত্রী কল্পনা বেগম (৫০), ছেলে ওয়াসিম আলী (৪০) এবং ভাই তোফাজ্জল হোসেন (৪০)।

আহত ব্যক্তিদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাটমোহর, নাটোর আধুনিক সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন রজব আলীর ভাই আব্দুল ওহাব ও তোফাজ্জল হোসেন, আব্দুল ওহাবের ছেলে ওয়াসিম আলী ও আজিজল আলী, তাঁর স্ত্রী কল্পনা বেগম, ওয়াসিম আলীর স্ত্রী ছকিনা বেগম (৩৫) এবং শাহরিয়ার হোসেন (১৮)। সবাই চামটা সরকারপাড়া গ্রামের বাসিন্দা।

আহত রজব আলীর ছেলে শাহিন হোসেন বলেন, চাচাত ভাইয়েরা তাঁর বাবার কেনা জমি দখল করে নিয়েছেন। জমিটি চাচা আব্দুর ওহাবের কাছে বিক্রি না করলে বিভিন্ন সময়ে হত্যার হুমকি দেওয়া হতো। এ ঘটনায় তাঁর বাবা নাটোর আদালতে মামলা করেন।

শাহিন হোসেনের ভাষ্য, গত রোববার সকালে পাশের একটি চায়ের দোকানে চাচাত ভাই ওয়াসিম আলী তাঁকে আদালতের মামলাটি তুলে নিতে চাপ দেন। এ নিয়ে তাঁর সঙ্গে ওয়াসিম আলীর কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর বাবাকে মারধর করেন। তাঁদের উদ্ধার করতে গেলে শাহিন হোসেন, মনোয়ারা বেগম, মুজাহিদুল ইসলাম ও আরজিনা বেগমকেও মারধর করা হয়।

আহতদের প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কামাল হোসেনকে নাটোর সদর হাসপাতালে এবং রজব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাহিন হোসেন আরও বলেন, হামলার সময় বাড়িঘরে লুটপাট চালিয়ে সোনাদানা ও নগদ টাকা নিয়ে যাওয়া হয়েছে।

কামাল হোসেন বলেন, ‘আদালতে মামলা করার পরও আমাদের মারধর করেছে। আমরা না থাকলে তাঁরা আমার বাবা রজব আলীকে হত্যা করত। ঘটনার কয়েক দিন পার হলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি। বিষয়টি নিয়ে আমরা নিরাপত্তাহীনতায় আছি।’

শাহিন হোসেন বলেন, ‘কেন পুলিশ আসেনি, জানি না। যেকোনো সময় আমাদের ওপর আবারও হামলা হতে পারে।’

অভিযুক্ত ওয়াসিম আলী বলেন, ‘তাঁরা জমি পাবেন। অন্য একটা জায়গা থেকে তাঁদেরকে জমি দিতে চেয়েছি। জমি না নিলে টাকা দিতে চেয়েছি। কিন্তু তারা নেবে না। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরাই আমাদের ওপর হামলা করেছে।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নাটোরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মামলা

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নাটোরে সড়কে নিহত ১৪: তদন্তে ৭ সদস্যের কমিটি, ফিটনেস ছিল না বাসটির

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলল কয়েকজনের

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে ১১, আহত অন্তত ৩০