নাটোরের বড়াইগ্রামে ধানখেত থেকে হৃদয় আলী (২১) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার থেকে হৃদয় আলী নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর ওই শিক্ষার্থীর বন্ধু সুমন হুসাইন (২২) বাদী হয়ে গতকাল শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মতিহার থানায় সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ১২৩৫। হৃদয় আলী ঠাকুরগাঁও জেলার নুর ইসলামের ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি তথ্য ও কৃষি সম্প্রসারণ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ধানখেতে অচেতন অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে বনপাড়ার একটি হাসপাতালে ভর্তি করে। তিনি কোথা থেকে কীভাবে এখানে আসেন, অচেতনতার কারণে জানা যাচ্ছিল না।
আরএমপি মতিহার থানার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে হৃদয় আলীকে নিয়ে যান। আরও জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় মণ্ডলপাড়ায় মেসে থেকে পড়ালেখা করত হৃদয় আলী। বৃহস্পতিবার বিকেলে বিনোদপুর বাজার এলাকা থেকে নিখোঁজ হন। পরে তার বন্ধু বাদী হয়ে মতিহার থানায় সাধারণ ডায়েরি করেন।
বন্ধু সুমন হুসাইন বলেন, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়ে কাঁপছিল। কোনো কথা বলতে পারছে না। চেতনা ফিরলে বিস্তারিত জানা যাবে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, তাকে উদ্ধার করে মতিহার থানার কাছে হস্তান্তর করা হয়েছে।