হোম > সারা দেশ > নাটোর

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, পুড়ে কালো একাংশ

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের বলারীপাড়ায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শুক্রবার দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

নাটোর শহরের বলারীপাড়ায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে এবং দোকান খুলতে এসে তাঁরা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, সরকারি নম্বরে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার খবর পান তাঁরা। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই টহলরত পুলিশের মাধ্যমে জানতে পারেন, আগুন নিভে গেছে। এ কারণে পরে আর সেখানে যাওয়া হয়নি।

স্থানীয় চা-দোকানি খোকন বলেন, প্রতিদিনের মতো শনিবার সকাল ৬টার দিকে দোকান খুলতে এসে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান। এতে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি দেখেননি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির বলেন, তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। কী ঘটনা ঘটেছে এবং কারা জড়িত, তা বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।