নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বড়াল নদীর ওপর সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে জোনাইল-চাটমোহর আঞ্চলিক সড়কের জোনাইল বাজার এলাকায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৬৩৮ টাকা।
গতকাল বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জোনাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ সেতু নির্মাণকাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাসেদুল ইসলামের সভাপতিত্বে এবং জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব রবিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গোলাম মোস্তফা, নূর মোহাম্মদ নুরালী, আজিজুর রহমান, মোজাম্মেল হক সুজন, চান্নু মিয়া, ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সভাপতি এনামুল হক বিদ্যুৎ, সহসভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম এবং জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, সেতুটি নির্মাণ হলে জোনাইল ও চাটমোহর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। তিনি বলেন, সেতু নির্মাণকাজে স্থানীয়দের সার্বিক সহযোগিতা প্রয়োজন। কোনো অনিয়মের অভিযোগ থাকলে প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম করা যাবে না।