হোম > সারা দেশ > নাটোর

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু, মরদেহ গোসলের সময় শরীরে মিলল আঘাতের চিহ্ন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার কথা বলে হাসপাতালে ভর্তি করা হয় এক নারীকে। পরে সেখানে ১০-১২ দিন চিকিৎসার পর ওই নারীর মৃত্যু হয়। তবে মৃত্যুর পর বাড়িতে আনা লাশের শরীরে তিন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা। এ ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে আজ শনিবার স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ওই নারীর নাম আছিয়া বেগম (৪৫)। তিনি উপজেলার নগর ইউনিয়নের মনপিরিত গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্বজনেরা জানান, তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মৃত্যুর পর লাশ বাড়িতে আনা হলে গোসল করানোর প্রস্তুতির সময় শরীরের তিন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা। পরে তাঁরা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ আজ বেলা ২টার দিকে স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আছিয়া বেগমের বোন মিনা বেগম জানান, প্রায় ২৫ বছর আগে আবদুল মান্নানের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। মরদেহ বাড়িতে আনার পর গোসল করানোর সময় শরীরের তিন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। এ নিয়ে সন্দেহ তৈরি হলে পুলিশকে জানানো হয়।

আছিয়ার ছেলে আশিক বলেন, ডায়রিয়ার কারণে তাঁর মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শরীরে আঘাতের চিহ্ন কীভাবে এসেছে, তা তাঁরা জানেন না।

তবে আছিয়ার স্বামী আবদুল মান্নান বলেন, গত ১৭ নভেম্বর আছিয়ার ডায়রিয়া ও বমি শুরু হয়। প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আছিয়াকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।