হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগানে ১৭টি গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ

নাটোর প্রতিনিধি

ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গুলির খোসা। ছবি: সংগৃহীত

নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ১৭টি ফাঁকা গুলি ছুড়েছে একদল দুর্বৃত্ত। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। ঘটনার পর তিনটি মাইক্রোবাসে করে যুবকেরা বনপাড়ার দিকে চলে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কসংলগ্ন দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে তিনটি মাইক্রোবাস এসে দত্তপাড়া বাজারে থামে। তখন বাজারের দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ীরা। এ সময় একটি মাইক্রোবাসের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে মাইক্রোবাস থেকে নেমে ১৭টি ফাঁকা গুলি ছোড়েন যুবকেরা। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়।

স্থানীয়দের ভাষ্য, এ ঘটনায় ১০ থেকে ১৫ জন অংশ নেন। গুলির শব্দে দত্তপাড়া সেতুর দুই পাশে বিভিন্ন ভারী যানবাহন থেমে যায়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দত্তপাড়া বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম বলেন, ‘এই বাজারে কোনো দিন এমন ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দিয়েছে। মনে হচ্ছে, তারা আওয়ামী লীগ করে। অনেকগুলো গুলির শব্দে এলাকার লোকজনের মধ্যে ভীতি তৈরি হয়েছে। তাদের মাইক্রোবাস বনপাড়ার দিকে গেছে।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মানুষকে আতঙ্কিত করতে এ ঘটনা ঘটানো হতে পারে। পুলিশ সতর্ক রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।