হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে ব্যবসায়ীর আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ১

বড়াইগ্রাম (নাটোর), প্রতিনিধি 

গ্রেপ্তার মিনারুল ইসলাম জনি। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে এক টাইলস ব্যবসায়ীকে বাড়িতে ডেকে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ, মারধর, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং চাঁদা দাবির অভিযোগে মিনারুল ইসলাম জনি (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মিনারুল ইসলাম জনি উপজেলার মাঝগ্রাম পূর্বপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

মামলার বাদী ও ভুক্তভোগী ব্যবসায়ী হাসান আলী (২৮) উপজেলার হারোয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি বনপাড়া বাজারে টাইলস ও স্যানিটারি সামগ্রীর ব্যবসা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে মাঝগ্রাম বউবাজার এলাকার শুকুর আলীর মেয়ে দোলনা খাতুন (৪০) হাসান আলীর দোকান থেকে ১৯ হাজার টাকার টাইলস বাকিতে নেন। পাওনা টাকা পরিশোধ না করায় গত ১৯ জুলাই হাসান পুনরায় টাকা চাইলে দোলনা তাঁকে বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসতে বলেন।

এজাহারে অভিযোগ করা হয়, ওই দিন সকাল ১০টার দিকে হাসান দোলনার বাড়িতে গেলে তাঁকে একটি ঘরে বসানো হয়। পরে মিনারুল ইসলাম জনিসহ কয়েকজন যুবক সেখানে এসে তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে দোলনা খাতুনের সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়, ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে নেওয়া হয়। পরে বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৬ হাজার ৯৯০ টাকা এবং ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে আরও ২৭ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া দোকানের কর্মচারীর সঙ্গে মোবাইলে কথা বলিয়ে দিয়ে আরও ৬০ হাজার টাকার টাইলস নেওয়া এবং একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করা হয়েছে। এজাহারে বলা হয়, প্রায় ১১ ঘণ্টা আটকে রাখার পর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

পরদিন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও টাকা দাবি করা হলে হাসান আলী দোলনা খাতুনের বাড়িতে গিয়ে ৯০ হাজার টাকা দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে মোটরসাইকেল ফেরত চাইলে আরও টাকা দাবি করা হয়। রোববার রাতে অবশিষ্ট টাকা নিতে মিনারুল ইসলাম জনি ওই ব্যবসাপ্রতিষ্ঠানে এলে হাসান আলী কৌশলে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় হাসান আলী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গুরুদাসপুর পৌরসভা: ড্রেন নির্মাণে ধীরগতি বাসিন্দাদের দুর্ভোগ

মাঠের জলাবদ্ধতায় বন্ধ শিক্ষার্থীদের অ্যাসেম্বলি-খেলাধুলা

গুরুদাসপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁদা দাবির হুমকিপত্র ঘিরে লালপুরে উদ্বেগ

মুরগির খামারে বিদ্যুতের ফাঁদে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা

নতুন কুঁড়ি স্পোর্টস: ম্যান অব দ্য টুর্নামেন্ট লালপুরের ফারিহা মনি

২০০ মিটার স্প্রিন্টে দেশসেরা লালপুরের আমান

নলডাঙ্গায় ৪০০ পাখি শিকারের পর হত্যার ঘটনায় থানায় বন বিভাগের অভিযোগ

শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা ফাঁদে প্রাণ হারালেন খামারি

চিকিৎসকের বিচার দাবি: ভুল অস্ত্রোপচারে মৃত্যু কৃষকের, পঙ্গু হওয়ার পথে ৩